নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্থাপত্য বিভাগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থিসিস প্রজেক্ট প্রদর্শনী ও বই প্রকাশনা অনুষ্ঠান, স্প্রিং ২০২৪ আয়োজন করেছে। রোববার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আজ বুধবার ( ৪ ডিসেম্বর) পর্যন্ত।
এই আয়োজনে স্প্রিং ২০২৪ সেমিস্টারের মেধাবী স্থাপত্য শিক্ষার্থীদের থিসিস প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। স্থপতি ও সহযোগী অধ্যাপক মুজতবা আহসান, এবং স্থপতি ও প্রভাষক এ. কে. এম. সালেহ আহমেদ অনিকের নির্দেশনায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল দক্ষতা এবং কারিগরি জ্ঞানের শ্রেষ্ঠ উদাহরণ তৈরি করেছেন। এই প্রজেক্টগুলো শুধুমাত্র স্থাপত্য শৈলীর উৎকর্ষতা নয় বরং সমসাময়িক সামাজিক, পরিবেশগত ও নগরায়ণ সংক্রান্ত সমস্যাগুলোর উদ্ভাবনী সমাধান প্রদানে এক অমূল্য ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থিসিস বুক, স্প্রিং ২০২৪ প্রকাশনা। এই বইটিতে শিক্ষার্থীদের বৈচিত্র্যময় এবং কল্পনাপ্রবণ কাজগুলো স্থান পেয়েছে, যা তাদের সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও নকশার উদ্ভাবনী ধারণাগুলোর প্রতিফলন ঘটিয়েছে। এই প্রকাশনা ভবিষ্যতের স্থাপত্য পেশাজীবীদের জন্য অনুপ্রেরণা এবং গবেষণার একটি গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে কাজ করবে।
রোববার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি প্রফেসর মো. রফিক আজম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইপিএস-এর ডিন প্রফেসর ড. সাজ্জাদ হোসেইন। উদ্বোধনী বক্তব্যে স্থাপত্য বিভাগের চেয়ারম্যান স্থপতি শাহরিয়ার ইকবাল রাজ অতিথি ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের অক্লান্ত প্রচেষ্টার প্রশংসা করেন।
প্রদর্শনটি স্থাপত্য বিষয়ক আগ্রহী দর্শক, পেশাজীবী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের জন্য বুধবার (৪ ডিসেম্বর) পর্যন্ত উন্মুক্ত থাকবে। যেখানে তারা তরুণ স্থপতিদের সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী নকশার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এই আয়োজন সৃজনশীলতা, উদ্ভাবন এবং নকশার উৎকর্ষতাকে উদযাপন করার পাশাপাশি ভবিষ্যতের স্থাপত্য ধারাকে সামনে নিয়ে আসার একটি অনন্য সুযোগ তৈরি করবে। __ বিজ্ঞপ্তি।










