নির্ধারিত রেকর্ড ডেট শেষে আজ লেনদেনে ফিরছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ও এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান। এর আগে গত ৬-৭ ফেব্রুয়ারি কেবল স্পট মার্কেটে লেনদেন হয়েছিল ফান্ড দুটির ইউনিট। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড: ফান্ডটির পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরের জন্য ইউনিটধারীদের জন্য আড়াই শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গতকাল। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ক্রয় মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৯ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ৩০ পয়সায়।

এর আগে ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ১ দশমিক ২০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। আলোচ্য সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ১৩ পয়সা। হিসাব বছর শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ২১ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়ায় ১০ টাকা ১৩ পয়সায়।  

২০২২ সালের ২১ সেপ্টেম্বর থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। ওই বছরের ২৮ জুন অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৯তম সভায় মেয়াদি এ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়। 

এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য সাড়ে ৪ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ফান্ডটি।

সর্বশেষ হিসাব বছরের ফান্ডটির ইপিইউ হয়েছে ৬১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ৯৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১১ টাকা ৪৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ইউনিটহোল্ডারদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরের ফান্ডটির ইপিইউ হয়েছে ৪২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১১ টাকা ৪৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৮৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ইউনিটহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিইউ হয়েছে ১ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১২ পয়সা।

২০২০ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের ৭ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। লোকসানের কারণে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি মিউচুয়াল ফান্ডটি। সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান ছিল ৪৮ পয়সা। আগের হিসাব বছরে ইপিইউ ছিল ৬৫ পয়সা।