পরিচ্ছন্নতাকর্মী ও গৃহশ্রমিকদের জীবনের বাস্তব চিত্র এবং তাদের অধিকার ও চাহিদা সরাসরি শোনার উদ্দেশ্যে শ্রম সংস্কার কমিশন মতবিনিময় সভার আয়োজন করেছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্প্রীতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময়ের মাধ্যমে দেশের অবহেলিত শ্রমজীবী গোষ্ঠীর প্রতিনিধিদের মতামত ও সুপারিশ সংগ্রহ করে কমিশন।

সভায় সভাপতিত্ব করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অ্যাডভোকেট এ কে এম নাসিম, ড. মাহফুজুল হক, ড. তাসলিমা আখতারসহ কমিশনের অন্যান্য সদস্য এবং পরিচ্ছন্নতাকর্মী ও গৃহশ্রমিকদের প্রতিনিধিরা।

সভার প্রথম অংশে পরিচ্ছন্নতাকর্মীরা তাদের জীবনের নানা সমস্যা তুলে ধরেন। তারা বেতন বৈষম্য, সামাজিক স্বীকৃতির অভাব, সন্তানদের সুযোগসুবিধার ঘাটতি এবং মাতৃত্বকালীন ছুটি না পাওয়ার অভিযোগ জানান।

একজন নারী পরিচ্ছন্নতাকর্মী বলেন, সরকারি অফিসে কাজ করেও বেতন পেতে দুই মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়।

পরিচ্ছন্নতাকর্মীরা তাদের সমস্যাগুলো তুলে ধরে কমিশনের কাছে লিখিত সুপারিশ প্রদান করবেন বলে জানান।

দ্বিতীয় অংশে গৃহশ্রমিকরা তাদের অভিজ্ঞতা জানান। এ সময় তারা যৌন হয়রানি, বেতন বৈষম্য এবং সামাজিক মর্যাদাহীনতার কথা তুলে ধরেন।

একজন গৃহশ্রমিক অভিযোগ করে বলেন, ‘বুয়া’ বলে সম্বোধন করার কারণে তারা নিজের নামটাও ভুলে যান। তারা আইনি সুরক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।

সভা শেষে কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ আশ্বাস দেন যে শ্রমিকদের সব বঞ্চনার কথা মূল প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে এবং সুপারিশ প্রণয়ন করা হবে। তিনি বলেন, শ্রম আইন ও নীতিমালা পর্যালোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থানের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার লক্ষ্যে কমিশন কাজ করবে।