দেশের বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে আধুনিক কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। ১০ একর জমির ওপর নির্মাণাধীন এ কারখানায় লাইটিংস, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান, কেবলসহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্য উৎপাদনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। নতুন কারখানার মাধ্যমে উৎপাদন সক্ষমতা, পণ্যের মান ও বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি দেশীয় বৈদ্যুতিক পণ্য শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখতে চায় এমইপি।

বৃহৎ এ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে খুচরা বিক্রেতা, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের সঙ্গে বাজার সম্প্রসারণের উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে গতকাল রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার, ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৮০ জন বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেল ও দুটি ফ্রিজ তুলে দেয়া হয়। পাশাপাশি এমইপি পণ্য প্রদর্শনী ও ব্যবসায়িক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, ‘এমইপি বাংলাদেশের অন্যতম পুরনো বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির নতুন বিনিয়োগ ও আধুনিক কারখানা উন্নত মানের ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে সহায়তা করবে। এ উদ্যোগ শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।’

এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, ‘নতুন কারখানাটি শুধু আমাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রকল্প নয়; এটি পণ্যের মান, প্রযুক্তি, উদ্ভাবন ও বাজার সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রবিন্দু। আমরা খুচরা বিক্রেতা, পরিবেশক ও গ্রাহকদের সঙ্গে নিয়ে এমইপিকে দেশের বৈদ্যুতিক পণ্য খাতের অন্যতম বড় বাজার অবদানকারী প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, আধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রকল্প উৎপাদন ও পণ্য উদ্ভাবনের পাশাপাশি কর্মসংস্থান এবং দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। এমইপি বলছে, পুরস্কার বিতরণ কার্যক্রমটি শুধু প্রচারণা নয়; নতুন কারখানা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে ঘিরে ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের সম্পৃক্ত করার বৃহত্তর উদ্যোগের অংশ।