অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১:৫ অনুপাতে (বিদ্যমান পাঁচটি শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ইস্যু করবে, যার মূল্য ১০ টাকা। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, রাইট শেয়ার ইস্যুর বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৮ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে অগ্রণী ইন্স্যুরেন্স পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়।

ঘোষিত লভ্যাংশ ও শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৭ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল।