কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের তথ্য দেখা যাচ্ছে না। তবে লেনদেন চলছে। আজ রোববার (১০ মার্চ) সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই এ সমস্যা দেখা গেছে।
এতে সপ্তাহের শুরুর দিন সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে না কমেছে তা বোঝা যাচ্ছে না। ডিএসইর ওয়েবসাইটে এ বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করা হয়েছে। ওয়েবসাইটের ডান দিকে এক বার্তায় সূচকের বিভ্রান্তিকর তথ্যের কারণে বিনিয়োগকারীদের আতংকিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব এ কারিগরি ত্রুটি সমাধানের চেষ্টা চলছে। সমস্যার সমাধান হলেই সূচক দেখা যাবে। ডিএসইতে সমস্যা হলেও দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সূচকের তথ্য দেখতে কোনো সমস্যা হচ্ছে না।










