আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন (এমএমসি) বিভাগ গত ২৫ নভেম্বর ‘হারমোনাইজিং কালচারস: লাইভ, লাভ অ্যান্ড ফ্লারিশ’ শিরোনামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং স্নাতক শিক্ষার্থীদের বিদায় জানানোর উদ্দেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি সাংবাদিকতা ও যোগাযোগে সংস্কৃতি এবং শিল্পের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের গঠনমূলক সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন। শানিয়া মাহিয়া আবেদীন বিভাগের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের হাতেকলমে দক্ষতা অর্জনের জন্য প্রশংসা করেন।
ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম বিভাগের ক্রমবর্ধমান সাফল্যের কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের সংখ্যা এবং তাদের ইতিবাচক প্রতিক্রিয়া বিভাগের মাইলফলক।
এমএমসি বিভাগের উপদেষ্টা এজেএম শফিউল আলম ভূঁইয়া স্নাতক শিক্ষার্থীদের ভবিষ্যতের সফলতার জন্য শুভ কামনা জানান এবং তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন বিভাগের সমন্বয়ক আফরোজা সুলতানা।
অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










