বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩৩ লাখ ৭১ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, শিক্ষক ও কর্মকর্তাদের স্বেচ্ছায় প্রদত্ত অর্থ সংগ্রহ করে সোনালী ব্যাংকের মাধ্যমে তা জমা দেয়া হয়েছে।

আর্থিক অনুদানের পাশাপাশি বন্যা শুরুর পরপরই দুর্গতদের উদ্ধার, খাদ্য ও বিশুদ্ধ পানীয়জল সরবরাহ এবং বস্ত্র বিতরণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শামস রহমান এ প্রসঙ্গে বলেন, ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সবসময়ই বৃহত্তর মানুষের কল্যাণকে গুরুত্ব দেয়। সাম্প্রতিক বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লায় হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এ সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এ উদ্যোগের মাধ্যমে যদি ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা লাঘব হয়, সেটাতেই আমাদের সার্থকতা।’

বন্যার্তদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প এবং গবেষণাভিত্তিক কাজের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। —বিজ্ঞপ্তি