শিল্প-কারখানার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল, ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারসহ চাঁদাবাজি রোধে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। গতকাল ঢাকায় আর্মি হেডকোয়ার্টারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধি দল। এ সময় তারা সেনাবাহিনীর কাছে এসব বিষয়ে সহযোগিতা চেয়েছেন।
মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি, সেনাসদর ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ব্যবসায়ী প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। প্রতিনিধি দলে ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেন, এ কে আজাদ, মো. জসিম উদ্দিন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদ, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়।
সাক্ষাৎকালে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিল্প-কারখানার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করাসহ চাঁদাবাজি রোধে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। এরই মধ্যে শিল্পের নিরাপত্তা ইস্যুতে শিল্প এলাকাগুলোর বিভিন্ন কার্যক্রম ও টহল পরিচালনা করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এ সময় শিল্পের নিরাপত্তা জোরদারকরণ এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফেরাতে সেনাবাহিনীর সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি। দেশের সব নাগরিকের পাশাপাশি ব্যবসায়ী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেন সেনাপ্রধান।
তিনি জানান, শিল্পপ্রতিষ্ঠান, সাপ্লাই চেইন, বন্দরের নিরাপত্তা প্রদানসহ দেশী ও বিদেশী বিনিয়োগকারীরা যাতে নির্বিঘ্নে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী তৎপর রয়েছে। কোনো শিল্পপ্রতিষ্ঠান যেকোনো ধরনের হুমকির শিকার হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।










