সাম্প্রতিক সময়ে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২০ ফেব্রুয়ারি থেকে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। এর মধ্যে গত ২৯ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ১৫৯ টাকা ১০ পয়সায়। সর্বশেষ গতকাল কোম্পানির শেয়ারদর দাঁড়িয়েছে ১৭৮ টাকা ৬০ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফাইন ফুডসের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৮১ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ পয়সা।
২০০২ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮।










