কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৭৮ দশমিক ৭৩ শতাংশ শেয়ারের দর কমেছে। পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির সূচক ও লেনদেন ছিল নিম্নমুখী। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সূচক ও লেনদেন নিম্নমুখী ছিল।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৭ পয়েন্টে। আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৮৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএসই-৩০ গতকাল ৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৩ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৬১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস দিন শেষে ১০ পয়েন্ট কমে ১ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২০২ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৩৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৩৪ দশমিক ২ শতাংশ। ডিএসইতে গতকাল মোট ৩৯৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৩১১টি কোম্পানির আর অপরিবর্তিত ছিল ৪৬টি সিকিউরিটিজের বাজারদর। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রবি, বেস্ট হোল্ডিংস, বীকন ফার্মা ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ২৪ দশমিক ৬ শতাংশ নিয়ে শীর্ষ ছিল ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১১ দশমিক ৬ শতাংশ লেনদেন ছিল ব্যাংক খাতের দখলে। আর ৯ দশমিক ৯ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এছাড়া সাধারণ বীমা খাত ৮ দশমিক ২ শতাংশ এবং বস্ত্র খাতের দখলে ছিল ৬ দশমিক ৫ শতাংশ।
এদিন ইতিবাচক রিটার্ন এসেছে কেবল ব্যাংক খাতে। খাতটিতে ইতিবাচক রিটার্ন এসেছে দশমিক ৬ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষ ছিল কাগজ, সিমেন্ট ও চামড়া খাত। এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ২ দশমিক ৬, ২ দশমিক ৬ ও ২ দশমিক ৫ শতাংশ।
অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩০ পয়েন্ট কমে ৯ হাজার ৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ হাজার ৪০১ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৫০ পয়েন্ট কমে ১৫ হাজার ৫৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৫ হাজার ৬১৭ পয়েন্টে।
এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত ছিল ১৭টির বাজারদর। গতকাল সিএসইতে ১০ কোটি ৮৬ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।










