পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১: ৩ হিসাবে অর্থাৎ বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, জিপিএইচ ইস্পাত ১৫ টাকা দরে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৫ টাকা প্রিমিয়াম থাকবে। কোম্পানিটি ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি রাইট শেয়ার ইস্যু করে ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহ করবে।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানির সম্প্রসারিত কারখানার জন্য ফারনেস সংস্থাপনে ব্যয় করা হবে, যা কোম্পানিটির উৎপাদনক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে বছরে কোম্পানিটির আয় ৪৫০ কোটি টাকা বাড়বে। এ বিষয়ে আগামী ২০ অক্টোবর বেলা সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে জিপিএইচ ইস্পাত। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ (উদ্যোক্তা পরিচালক বাদে) ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দিয়েছে জিপিএইচ ইস্পাত। 

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫১ টাকা ৯০ পয়সা।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা। গত হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৪২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ৮ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৮ টাকা ৭৯ পয়সা।

জিপিএইচ ইস্পাতের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ এবং স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। কোম্পানিটির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। 

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৮৩ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৬২ কোটি ৮৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৮ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৪৫৬। এর মধ্যে ৪৯ দশমিক ৭৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮ দশমিক ১৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৫ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল জিপিএইচ ইস্পাত শেয়ারের সমাপনী দর ছিল ২৭ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ২৫ টাকা থেকে ৪৪ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।