আকিজ রিসোর্সের ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস (এফএমসিজি) ব্র্যান্ড আকিজ এসেনসিয়াল প্রথমবারের মতো রাইস বাল্ক অংশীদারদের নিয়ে সফলভাবে ‘আকিজ এসেনসিয়াল পার্টনার্স মিট ২০২৫’ আয়োজন করেছে। সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল-২ এ ইভেন্টটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শীর্ষ বিক্রেতা ও ‘চিনিগুড়া নবান্ন উৎসব ক্যাম্পেইন’ এর বিজয়ীদের পুরস্কার ও সনদ দেয়া হয়। বাজার চাহিদা, প্রযুক্তি অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন আকিজ এসেনসিয়ালের সিইও এম এম আরসলান ও হেড অব সেলস (রাইস বাল্ক) মেহেদী হক। বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান এ কে জোয়াদ্দার, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মাদ তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী মোত্তাকিন হোসাইন ও হেড অব অ্যাডমিন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এম মুরশেদুল বারি ফাহিম।
ভাইস চেয়ারম্যান এ কে জোয়াদ্দার বলেন, আকিজ এসেনসিয়াল ও এর অংশীদারদের সঙ্গে কাজ করা আমাদের জন্য গর্বের। পারস্পরিক সহযোগিতা ও নতুন সুযোগ অন্বেষণ আমাদের সফলতার মূল চাবিকাঠি। আমি আশাবাদী এ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে।
সিইও এম এম আরসলান বলেন, চলতি বছর আকিজ এসেনসিয়াল ও অংশীদারদের জন্য মাইলফলক হবে। আমাদের লক্ষ্য টেকসই ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে উদ্ভাবন ও সফলতা একসঙ্গে এগিয়ে যাবে।
মোহাম্মাদ তৌফিক হাসান বলেন, এই পার্টনার্স মিট কেবল একটি ইভেন্ট নয়। বরং নতুন সম্পর্ক গড়ার ও একসঙ্গে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ।
আকিজ এসেনসিয়াল ২০২০ সালে যাত্রা শুরু করে। এরই মধ্যে এটি দেশীয় বাজারে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে। —বিজ্ঞপ্তি










