যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খবর সংগ্রহে সিএনএনকে নিষেধাজ্ঞা দিয়েছে হোয়াইট হাউজ। সম্প্রতি প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ ‘এয়ারফোর্স ওয়ানে’ ওঠার অনুমতি পাননি সিএনএনের সাংবাদিকরা। শনিবার ট্রাম্পের টেনিসি সফরের তথ্য ও সংবাদ সংগ্রহের জন্য হোয়াইট হাউজের সাংবাদিক দল বা ‘প্রেস পুল’-এর অংশ হিসেবে তাদের যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন সফর কাভারেজে সিএনএনের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করায় এ সুযোগ হাতছাড়া হয়। খবর সিএনএন।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের একটি বিশেষ প্রথা হলো ‘প্রেস পুল’। সেখানে একাধিক টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি থাকেন না। একটি নির্দিষ্ট সংবাদভিত্তিক প্রতিষ্ঠানের সাংবাদিক পুরো মিডিয়া দলের প্রতিনিধি হয়ে সংবাদ সংগ্রহ করেন। সেই সংগৃহীত তথ্য ও ভিডিও ফুটেজ পরবর্তী সময়ে বাকি সব চ্যানেলের মধ্যে ভাগ করে নেয়া হয়। সীমিত জায়গার কারণে মূল মিডিয়াগুলোকে ঘুরিয়ে-ফিরিয়ে এ দায়িত্ব দেয়া হয়। কিন্তু নতুন সিদ্ধান্তের ফলে প্রেস পুলের সদস্য হিসেবে সিএনএন নির্ধারিত দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে না। তবে সিএনএনের পরিবর্তে কোনো বিকল্প সংবাদমাধ্যমও তালিকাভুক্ত করা হয়নি।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমগুলোর দ্বন্দ্বে নতুন এক মাত্রা যোগ করল এ ঘটনা। মিডিয়া ও প্রেস কোরের সঙ্গে হোয়াইট হাউজের টানাপড়েন বেশ কিছুদিন ধরে স্পষ্ট রূপ নিয়েছে। গত সপ্তাহেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনটি প্রধান সংবাদমাধ্যমকে হোয়াইট হাউজে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির কথা জানান।
এর আগেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প নিউইয়র্ক সফরে গেলে সিএনএনকে এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ করতে দেয়া হয়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি মূলধারার মার্কিন সংবাদমাধ্যমগুলোর সম্পর্ক বেশ উত্তপ্ত। এর মধ্যে আছে সিএনএন, এমএস নাও ও পলিটিকো। ট্রাম্প প্রায়ই এসব গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন এবং সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন।










