নির্ধারিত রেকর্ড ডেটের আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও জিপিএইচ ইস্পাতের শেয়ার আজ ও মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময় কোম্পানিটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্টের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে রেকর্ড ডেটসংক্রান্ত কারণে বুধবার কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লংকাবাংলা ফাইন্যান্স: লংকাবাংলা ফাইন্যান্স বিদ্যমান ব্যবসার পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর অধীনে শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করবে। এ লক্ষ্যে কোম্পানির সংঘবিধি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারার অন্তর্ভুক্ত বা সংশোধনেরও সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৪ অক্টোবর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে বুধবার।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২১ পয়সা। 

জিপিএইচ ইস্পাত: প্রতিষ্ঠানটি ১:৩ হিসেবে অর্থাৎ বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। তথ্য অনুসারে, কোম্পানিটি ১৫ টাকা দরে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৫ টাকা প্রিমিয়াম থাকবে। কোম্পানিটি রাইট অফারের মাধ্যমে ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি শেয়ার ইস্যু করে ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহ করবে।

এ বিষয়ে আগামী ২০ অক্টোবর বেলা সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে জিপিএইচ ইস্পাত। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার।