এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেড ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মানবসম্পদ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) আন্তর্জাতিক মানবসম্পদ দিবস-২০২৫ উপলক্ষে মানবসম্পদ পেশাজীবীদের সংগঠন এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেড ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের যৌথ উদ্যোগে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এবারের থিম ‘হিউম্যানিফাই এআই: লিডিং চেঞ্জ টুগেদার’ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তৃতা, প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে মানুষের মনে একটি ভয়- এআই হয়তো মানুষের কাজ কেড়ে নেবে, বা মানুষের গুরুত্ব কমিয়ে দেবে, বক্তারা এ ধারণা থেকে সরে এসে বলেন, এআইকে মানুষের সহায় হিসেবে বিবেচনা করতে হবে, শত্রু নয়। কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে গড়ে তোলা বা ব্যবহার করা, যাতে তার ভেতরে মানবিক মূল্যবোধ, সহানুভূতি, নৈতিকতা যুক্ত থাকে। এ পরিবর্তন এবং প্রযুক্তিগত বিপ্লবকে একা কেউ সামনে নিতে পারবে না। মানবসম্পদ পেশাজীবী, প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক ও সাধারণ মানুষ — সবাইকে একত্রে কাজ করতে হবে যেন এআই মানবিক গুণাবলির ধারক হয়ে উঠতে পারে।

এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেডের অপারেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি চৌধুরী নুর-এ-সানীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট এম নজরুল ইসলাম ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্যানেল আলোচনায় অংশ নেন খ্যাতনামা করপোরেট ব্যক্তিত্ব ও মানবসম্পদ বিশেষজ্ঞরা, যাদের মাঝে ছিলেন - ব্র্যাক ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক নাজমুর রাহিম, আকিজ বশির গ্রুপের পরিচালক, মানব সম্পদ দিলরুবা শারমিন খান, লিডারশীপ কোচ জিয়া উদ্দিন মাহমুদ, পারটেক্স স্টার গ্রুপের সাবেক সিইও কে এম আলি, ঢাকা ব্যাংকের হেড অব ট্রেনিং ফাহমিদা চৌধুরী, হুয়াওয়েই টেকনোলজিস কোম্পানি লিমিটেডের সিনিয়র ম্যানেজার, এইচআর সাউথ এশিয়া ফারাহ নেয়াজ এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার কৌশিক আহমেদ রেজা, ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও ইন্সপিরেশনাল অফিসার গোলাম সামদানি ডন।

অনুষ্ঠানের শেষ পর্বে এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেডের সেক্রেটারি জেনারেল মুত্তাকিন হাসান আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মাসুদুল আলম, জয়েন্ট সেক্রেটারি জি এম শরিফ, ফাইন্যান্স সেক্রেটারি জসিম উদ্দিন, মেম্বারশীপ সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, ওয়েলফেয়ার সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ দেশের শতাধিক প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধান ও করপোরেট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি