বাংলাদেশে মেগা ব্যবসায়িক প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে আকিজ গ্রুপ (বাংলাদেশ) ও প্যান-চায়না গ্রুপ (চীন)। সোমবার (২ জুন) ঢাকার বারিধারার কূটনৈতিক এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।

আকিজ গ্রুপের পরিচালক শেখ আমিন উদ্দিন ও প্যান-চায়না গ্রুপের জেনারেল ম্যানেজার ডেভিড লিউ জিয়ান ওয়েই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর যৌথ ব্যবসার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

এই চুক্তির মাধ্যমে একটি কৌশলগত জোটের সূচনা হলো, যা মেগা প্রকল্পে পারস্পরিক সহযোগিতা ও অগ্রগতিকে গুরুত্ব দেবে।

অনুষ্ঠানে এফবিসিসিআই, বিডা, সিভিল এভিয়েশন, বাংলাদেশ ও চীনের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনসহ সরকারি-বেসরকারি খাতের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে ছিল বিসিসিআই, বাংলাদেশ গ্রেট ওয়াল ইঞ্জিনিয়ারিং, সিএলবি লিগ্যাল অ্যান্ড অ্যাকাউন্টিং, ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, বাংলাদেশ পিসফুল রিইউনিফিকেশন প্রমোশন অ্যাসোসিয়েশন, চায়না রেলওয়ে ২৪তম ব্যুরো গ্রুপ কনস্ট্রাকশন লিমিটেড ও চায়না কনস্ট্রাকশন সিক্সথ ইঞ্জিনিয়ারিং ব্যুরো করপোরেশন লিমিটেড।

আকিজ-প্যান চায়না যৌথভাবে বাংলাদেশে উদ্ভাবনী ও বড় পরিসরের প্রকল্পে বিনিয়োগ করবে। তারা সরকারি ও বেসরকারি খাতে কাজ করবে। প্রকল্পের ধারণা তৈরি থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সহায়তা করবে তারা। এতে উপযুক্ত অর্থায়নের উৎসও নিশ্চিত করা হবে।

এই জোট বৃহৎ বা প্রভাবশালী প্রকল্প ও আইকনিক কাঠামো বাস্তবায়নে আগ্রহী উদ্যোক্তা, করপোরেট প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সহযোগিতা কামনা করেছে। যৌথ উদ্যোগটি ধারণা থেকে বাস্তবায়ন পর্যন্ত পূর্ণ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। —বিজ্ঞপ্তি