সাম্প্রতিক বন্যায় ১১ জেলার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৫ কোটি ৩৬ লাখ টাকার বেশি অর্থ অনুদান হিসেবে দিয়েছেন ব্র্যাক কর্মীরা, যা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ। জরুরি ত্রাণসহায়তা কার্যক্রম জোরদারের পাশাপাশি বন্যাকবলিত এলাকাগুলোয় দীর্ঘমেয়াদি পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, নিরাপদ পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, স্বাস্থ্যবিধি, শিক্ষা ও কৃষি উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।
ব্র্যাক জানিয়েছে, অনুদানের অর্থ দিয়ে কৃষি খাতে জীবিকা পুনরুদ্ধারে কৃষকদের নতুন করে চাষাবাদ ও গবাদিপশু কিনতে সহায়তা দেয়া হবে। এছাড়া বাস্তুচ্যুত পরিবারগুলোর নিরাপত্তা ও স্থায়ী ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত করে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে সহায়তা করা হবে, যাতে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে ও জরুরি প্রয়োজন মেটাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
এদিকে ব্র্যাকের নিজস্ব তহবিল, দাতা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে পাওয়া অনুদানের অর্থ দিয়ে প্রায় ১ লাখ ২৭ হাজার পরিবারকে জরুরি ত্রাণ সহায়তা হিসেবে খাবার ও নিরাপদ পানির মতো প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে। —বিজ্ঞপ্তি










