সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। কোম্পানি দুটি হলো জুট স্পিনার্স লিমিটেড ও গোল্ডেন সন লিমিটেড। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি দুটি। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

জুট স্পিনার্স: বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ২৭৬ টাকা। ৩ ফেব্রুয়ারি তা দাঁড়ায় ৩৩৯ টাকা ৭০ পয়সায়। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪০১ টাকা ৪০ পয়সায়। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জুট স্পিনার্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৩ পয়সা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ টাকা ৮৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫২২ টাকা ১৯ পয়সায়।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৬৯ পয়সা, আগের বছর যা ছিল ২৪ টাকা ২১ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫৩৩ টাকা ৮৯ পয়সায়। 

গোল্ডেন সন: বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১৪ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৩ টাকা। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে গোল্ডেন সনের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান বেড়েছে ২ দশমিক ৫৯ গুণ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৯ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৭৪ পয়সা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে কোম্পানিটি। 

চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৬ পয়সায়।