ইসলামী শরিয়াহভিত্তিক বিনিয়োগ ব্যবস্থার প্রসারে একসঙ্গে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ও শরিয়াহ পরামর্শক প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড (আইএফএসি)। সম্প্রতি রাজধানীর বনানীতে পিবিআইএলের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
পিবিআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম ওমর তৈয়ব ও আইএফএসির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অংশীদারত্বের মাধ্যমে শরিয়াহভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাকে এগিয়ে নিতে উভয় প্রতিষ্ঠানের দক্ষতা কাজে লাগানো হবে। যৌথভাবে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সুকুক পরামর্শ, শরিয়াহ সূচক উন্নয়ন, নতুন পণ্য পরিকল্পনা, শরিয়াহ তত্ত্বাবধান ও পর্যালোচনা এবং গবেষণা ও প্রকাশনা— এই ছয়টি প্রধান ক্ষেত্রে কাজ করবে পিবিআইএল ও আইএফএসি।
গত বছর পিবিআইএল ‘প্রাইমইনভেস্ট শরিয়াহ’ নামে দেশের প্রথম শরিয়াহভিত্তিক পুঁজিবাজার বিনিয়োগ প্রকল্প চালু করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, ‘বাংলাদেশে ইসলামী বিনিয়োগ ব্যবস্থা আরো শক্তিশালী করতে এ অংশীদারত্ব একটি মাইলফলক। আমরা এমন নৈতিক বিনিয়োগ সমাধান তৈরি করতে চাই, যা আমাদের গ্রাহকের চাহিদা পূরণে সক্ষম হবে।’
আইএফএসির প্রতিষ্ঠাতা মুফতি আবদুল্লাহ মাসুম বলেন, ‘প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। হালাল অর্থনীতির প্রসারে এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ —বিজ্ঞপ্তি










