ডিজিটাল যুগে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় যৌথভাবে বাস্তবায়িত ‘স্বাধীনতা-ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি – ফ্রিডম’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জুন) রাজধানীর গুলশানে হোটেল ক্রাউন প্লাজায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

‘স্বাধীনতা’ প্রকল্পটি প্ল্যান ইন্টারন্যাশনাল নেদারল্যান্ডস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের লক্ষ্য, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্য সচেতনতা ও অনলাইন নিরাপত্তা বিষয়ে তরুণ, মানবাধিকার কর্মী, গণমাধ্যমকর্মী ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের সম্পৃক্ত করে দেশের আটটি বিভাগজুড়ে একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল গণতন্ত্র গড়ে তোলা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধিদলের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান ড. মিখাল ক্রেইজা বলেন, মুক্ত সমাজ গঠনে মতপ্রকাশের স্বাধীনতা অপরিহার্য। এই প্রকল্পের মাধ্যমে তরুণ ও মানবাধিকারকর্মীদের মধ্যে সচেতনতা তৈরি হবে। এতে করে নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ গড়ে উঠবে।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। শ্রেণি, লিঙ্গ, ধর্ম বা শারীরিক সক্ষমতা নির্বিশেষে সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে। ‘স্বাধীনতা’ প্রকল্প এই মূল্যবোধকে ভিত্তি করে গড়ে তোলা হয়েছে।

বিশেষ অতিথি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, একটি ডিজিটাল ফ্যাক্ট-চেকিং ডাটাবেস তৈরির পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়াতে হবে। নারী ও তরুণদের ডিজিটাল দক্ষতা গড়তে হবে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, ভুয়া তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। অন্যায় দেখলে প্রশ্ন তুলতে হবে। প্রকল্পের প্রতিটি ধাপে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা শুধু নারীর বিরুদ্ধে নয়, এটি পুরো সমাজের বিরুদ্ধে সহিংসতা। কিশোরী ও নারীদের কণ্ঠস্বর জোরালো করতে হবে ও নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন নারী অধিকার সংগঠন, তরুণ সংগঠন, গণমাধ্যম ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন। আয়োজনে ‘মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তথ্য নিরাপত্তা, ডিজিটাল আচরণ ও সবার জন্য ডিজিটাল প্রবেশাধিকার নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আরো ছিলেন বনশ্রী মিত্র নিয়োগী, পরিচালক (রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম), এমজেএফ; মোহাম্মদ মাহীন নেওয়াজ চৌধুরী, পরিচালক প্রোগ্রাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ প্রকল্পের বিভিন্ন অংশীদার সংগঠনের প্রতিনিধিরা।

—বিজ্ঞপ্তি