কানাডায় গম উৎপাদনে বড় উল্লম্ফনের সম্ভাবনা তৈরি হয়েছে। আবাদ বৃদ্ধির পাশাপাশি মাটিতে আর্দ্রতা পরিস্থিতির উন্নতি ঘটায় উৎপাদনে প্রবৃদ্ধি দেখছে দেশটি। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস সম্প্রতি গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ বিপণন মৌসুমে কানাডায় গম উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৫৬ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। গত মৌসুমে ভয়াবহ খরার কারণে দেশটিতে উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। চলতি মৌসুমে কানাডায় সব মিলিয়ে ১ কোটি ৫৯ হাজার হেক্টর জমি থেকে ৩ কোটি ৪৭ লাখ ৩ হাজার টন গম উত্তোলনের সম্ভাবনা রয়েছে। গত মৌসুমে আবাদ করা হয়েছিল ৯১ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার টন।

স্থানীয় বাজারে বিপুল পরিমাণ সরবরাহের পরও দেশটির গম রফতানি বাড়ার সম্ভাবনা রয়েছে। রফতানি দাঁড়াতে পারে আড়াই কোটি টনে, যা গত মৌসুমে ছিল ১ কোটি ৫১ লাখ টন।

সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়া-ইউক্রেন সংকটে গমের বৈশ্বিক বাজারে অস্থিরতা প্রকট আকার ধারণ করেছে। অন্যদিকে রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এতে ক্রমেই শস্যটির সরবরাহ সংকট বাড়ছে। এ পরিস্থিতিতে কানাডায় উৎপাদন বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে স্বস্তি বয়ে আনতে পারে।