দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্যের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় এ তহবিল গঠিত হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বিষয়টি জানানো হয়। সার্কুলারে বলা হয়, সিএমএসএমই খাতটি শ্রমনিবিড় ও স্বল্প পুঁজি নির্ভর হওয়ায় এবং এর উৎপাদন সময়কাল স্বল্প হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এটি ইতিবাচক অবদান রাখছে। কিন্তু চাহিদার তুলনায় চলতি মূলধনের সরবরাহ বিঘ্নিত হওয়ায় এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ মন্থর অর্থনীতির চাকা গতিশীল করতে এবং সচল সিএমএসএমই প্রতিষ্ঠানসমূহকে পূর্ণ সক্ষমতায় পরিচালনার উদ্দেশ্যে এ ঋণ সুবিধা দেয়া হবে ।
এ তহবিলের আওতায় ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে আগামী ৩ বছর পর্যন্ত সর্বোচ্চ ৯ শতাংশ হারে সুদ বা মুনাফা আরোপ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃ অর্থায়ন গ্রহণের বিপরীতে ব্যাংকগুলোকে ৪ শতাংশ হারে সুদ বা মুনাফা প্রদান করতে হবে, যা ত্রৈমাসিক ভিত্তিতে আরোপিত হবে ।
গ্রাহকদের সুবিধার জন্য ঋণের বিপরীতে ৩ অথবা ৬ মাসের গ্রেস পিরিয়ড প্রদান করা যাবে। ব্যাংকগুলোর আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকও সমপরিমাণ সময় গ্রেস পিরিয়ড হিসেবে বিবেচনা করবে।










