নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত ‘ইন্দোনেশিয়া ইনস্যুরেন্স সামিটে (আইআইএস) অংশ নিয়েছেন। ২১ থেকে ২৩ মে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজন করে ইন্দোনেশিয়ার ইনস্যুরেন্স কাউন্সিল (ডিএআই)। সম্মেলনে এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশের বীমা খাত, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকার ও নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘টেকসই ভবিষ্যতের জন্য উদ্ভাবনের মাধ্যমে বীমার ভবিষ্যৎ পুনর্কল্পনা’। আলোচনায় উঠে আসে বীমা খাতের ভবিষ্যৎ চিত্র, আর্থিক খাতে উদ্ভাবন এবং একাডেমিয়া ও শিল্পখাতের যৌথ অংশীদারত্বের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জনের পথ।
অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী সম্মেলনে ‘সুবিধাবঞ্চিত গ্রাহকদের সম্ভাবনা উন্মোচন: বীমার ভূমিকা’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে বৈশ্বিক বীমা খাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিক তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, নতুন প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা তৈরি করে পিছিয়ে থাকা জনগণের কাছে বীমা পৌঁছে দিতে হবে। তিনি বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স ও বীমা কার্যক্রমের উদাহরণ তুলে ধরে বলেন, এসব উদ্যোগ বিশ্বের অনেক দেশের জন্য অনুপ্রেরণা হতে পারে।
উপাচার্য আরো বলেন, অর্থনৈতিক ও জলবায়ু ঝুঁকির সময় এসব উদ্যোগ সমাজকে আরো স্থিতিশীল ও নিরাপদ রাখতে সহায়তা করে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সহযোগিতার গুরুত্বও আলোকপাত করেন।
উল্লেখ্য, এই আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে অধ্যাপক চৌধুরী আগামী ২৫ মে সিঙ্গাপুরের ন্যায়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে শিক্ষা ও গবেষণায় ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে।
—বিজ্ঞপ্তি










