চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো ইস্টার্ন ব্যাংক পিএলসি, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ও আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। সভায় কোম্পানি তিনটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইস্টার্ন ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। আর্থিক প্রতিবেদন অনুসারে সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানিয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা।
ডিবিএইচ ফাইন্যান্স: ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির পর্ষদ সভা ১১ মার্চ বিকাল পৌনে ৫টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২ টাকা ৩৯ পয়সায়।
আইডিএলসি ফাইন্যান্স: তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির পর্ষদ সভা ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এর আগে এ বছরের ১০ মার্চ পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছিল কোম্পানিটি। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা।










