পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে মুনাফা কমেছে ৩৬ দশমিক ৪২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ৯৯ পয়সা। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১০ জুন হাইব্রিড সিস্টেমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে একমি পেস্টিসাইডস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১২ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৯৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৪৮ পয়সায়। 

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া একমি পেস্টিসাইডসের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৩৫ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ১০৭ কোটি ৮৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৫০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১ দশমিক ৮০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৮৪ ও বাকি ৪৬ দশমিক ৩৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৪ দশমিক ৭, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ২৩ দশমিক ১৩।

ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২১ টাকা ১০ পয়সা থেকে ৩৫ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।