নির্ধারিত রেকর্ড ডেটের আগে আগামী রোববার ও সোমবার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানির শেয়ার। কোম্পানি দুটি হলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ সময় কোম্পানি দুটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্টের মাধ্যমে নিষ্পত্তি হবে। পরে রেকর্ড ডেটসংক্রান্ত কারণে মঙ্গলবার কোম্পানি দুটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রগতি লাইফ: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২২ আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে মঙ্গলবার।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটি ১৬৩ কোটি ৪ লাখ টাকা নিট প্রিমিয়াম আয় করেছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ১৩৯ কোটি ৫৬ লাখ টাকা। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ৩১ মার্চ শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬৩৩ কোটি ৩৫ লাখ টাকা। যেখানে গত বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৬২১ কোটি ৬৫ লাখ টাকা।

সানলাইফ ইন্স্যুরেন্স: সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২০ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী মঙ্গলবার।

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বীমা তহবিল এ বছরের ৩১ মার্চ শেষে ৫১ কোটি ৫৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। এর আগের বছরের একই সময় শেষে এ তহবিলের পরিমাণ ছিল ৪৭ কোটি ২৮ লাখ টাকা।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির মোট আয়ের তুলনায় ৫ কোটি ৭৭ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ কোটি ৭১ লাখ টাকা।   

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। লোকসানের কারণে ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করা হয়নি। ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তার আগের হিসাব বছরেও কোনো লভ্যাংশ পাননি কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল সানলাইফ।