২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও বাণিজ্য মেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহা. সেলিম উদ্দিন। ইপিবি ও স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সভায় কার্যপত্র উপস্থাপন করেন। মেলার বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক নীতিনির্ধারণ, বিভিন্ন উপকমিটি গঠন, বিভিন্ন ধরনের স্টল, প্যাভিলিয়ন, রেস্টুরেন্ট ও মেলার প্রবেশ টিকিটসহ অন্যান্য ইজারা কাজের ফ্লোর মূল্য নির্ধারণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জানানো হয়, গতবারের মতো এবারো পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলার লে-আউট প্ল্যানে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টলের ব্যবস্থা রাখা হয়েছে, যা দেশীয় উৎপাদক, রফতানিকারক, সাধারণ ব্যবসায়ী এবং বিদেশী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বরাদ্দ দেয়া হবে। 

মেলার সার্বিক নিরাপত্তা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পর্যাপ্তসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও রÅাব নিয়োজিত থাকবে। এবারের মেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিতে অধিকতর গুরুত্ব প্রদান করা হবে। 

মেলায় খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে। যারা প্রতিদিন মেলা প্রাঙ্গণে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করবে। 

এদিকে পাঁচ শতাধিক কার পার্কিং সুবিধাসংবলিত দ্বিতল বিল্ডিং ছাড়াও এক্সিবিশন হলের বাইরে ছয় একর জমিতে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। মেলার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য স্থাপন করা হবে একটি অস্থায়ী সচিবালয় এবং দর্শনার্থীদের সব ধরনের তথ্য প্রদানের জন্য থাকবে একটি তথ্য কেন্দ্র। 

ব্যাংকিং সার্ভিসের জন্য মেলায় থাকবে পর্যাপ্তসংখ্যক ব্যাংকের বুথ। মা ও শিশুদের কথা বিবেচনা করে মেলায় স্থাপন করা হবে দুটি মা ও শিশু কেন্দ্র। পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সেবার মধ্যে রক্ত সংগ্রহ কেন্দ্র, মসজিদ, নিউট্রিশন অ্যান্ড অটিজম সেবা, দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক ও শোভন চেয়ার বা বেঞ্চ ইত্যাদির ব্যবস্থা করা হবে। 

এছাড়া সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ও কয়েকটি যাত্রীবাহী বাসের ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা করা হবে। —বিজ্ঞপ্তি