রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৫’ উদযাপন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনায় প্রধান বক্তা ছিলেন সাহিত্যিক ও শিশু শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শনের গুরুত্ব তুলে ধরে বলেন, তারা শুধু কবি নন, বাঙালির সাহস, চেতনা ও মানবিকতার পথপ্রদর্শক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, এই দুই কবির সাহিত্য ও সংগীত আমাদের জাতীয় জীবনকে আলোকিত করে। তাদের মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা নতুন প্রজন্মের জন্য শিক্ষা হয়ে রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য অধ্যাপক মিয়া লুৎফর রহমান। এ সময় তিনি দুই কবির জীবন ও কর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনার পর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন খ্যাতনামা শিল্পী ছায়া কর্মকার ও মাহদি হাসান। তাদের পরিবেশনায় মুগ্ধ হন দর্শক-শ্রোতারা।

এই আয়োজনের মাধ্যমে দুই মহাকবির সাহিত্য, সংগীত ও জীবনদর্শন স্মরণ করার পাশাপাশি তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি প্রকাশ করেছে বিইউবিটি পরিবার। —বিজ্ঞপ্তি