টানা তিনদিন বন্ধ থাকার পর আজ সকাল ১১ টা থেকে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর পর থেকে শেয়ার বিক্রির চাপে বড় দরপতন হয়েছে পুঁজিবাজারে। আজ বেলা ২ টা পর্যন্ত লেনদেন চলবে।
সকাল ১১টায় লেনদেন শুরুর পর থেকেই পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি সূচকই ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। এরমধ্যে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ১৯শতাংশ কমে ৫ হাজার ৩৮১ দশমিক ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। শরীয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ দশমিক ৪৬ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ আজ ১ দশমিক ৩৭ শতাংশ কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম ২০ মিনিটে ডিএসইতে ২৭ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এ সময়ে ২৮টি সিকিউরিটিজের দর বাড়ার বিপরীতে কমেছে ২৪৬টি আর অপরিবর্তিত ছিল ৯টির বাজার দর।
প্রসঙ্গত, দেশব্যাপী সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার রাতে কারফিউ জারি করে সরকার। পাশাপাশি চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে গত তিনদিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকে।










