পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকস লিমিটেডের গত সপ্তাহে ২৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক লেনদেনে শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৫ দশমিক ৪২ শতাংশ। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৯ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ৩২ টাকা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ বৃহস্পতিবার শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর দাঁড়ায় ৪২ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২৬ টাকা ৬০ পয়সা থেকে ৪৬ টাকার মধ্যে ওঠানামা করেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩১ টাকা ২১ পয়সায়।