পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের গত সপ্তাহ শেষে শেয়ারদর বেড়েছে ৫২ দশমিক শূন্য ১ শতাংশ। আলোচ্য সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪৮৬ টাকা ৯০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩২০ টাকা ৩০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮২ টাকা ৫০ পয়সা। এরপর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। 

১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ন্যাশনাল টির অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা। এর বিপরীতে পরিশোধিত মূলধন রয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসান ৩৮ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬৬ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৫ দশমিক ২৬ শতাংশ শেয়ার। এছাড়া সরকারের কাছে ৪ দশমিক ৩৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৭৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে। 

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০৪ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৬ টাকা ২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫২ টাকা ২৯ পয়সায়। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৬ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩৪ টাকা ৪৭ পয়সা।