পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গত সপ্তাহে শেয়ারদর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ১০১ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১১৯ টাকা ৬০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ সেপ্টেম্বর। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত ৩০ জুন শেষে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৪৭৬ কোটি ৪২ লাখ টাকায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৫০৬ কোটি ৯৩ লাখ টাকা। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে কোম্পানিটি। ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ১৩ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি মোট ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ২০১৮ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন।

আগের হিসাব বছরে ৮ শতাংশ নগদের পাশাপাশি ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৪ হাজার ২৩৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩২ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৪২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৭ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।