পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আগামী পাঁচ বছরের জন্য শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে পুনর্নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে কোম্পানিটির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারধারীদের ১০০ ভাগ ভোটে তিনি এমডি নির্বাচিত হন।
শেয়ারধারীদের মধ্যে ১০ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার ১৭৮টি ভোট তার পক্ষে পড়ে, যা মোট ভোটের ১০০ ভাগ। এজিএমে সভাপতিত্ব করেন এনভয় টেক্সটাইলসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। এ সময় শেয়ারধারীদের বড় অংশ (৯৯.৯৭%) কোম্পানিটির পরিচালক শেহরীন সালামকে পুনরায় পরিচালক পদে নির্বাচনের বিরোধিতা করেন। ফলে তিনি পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েন। শেহরীন সালাম নির্বাচিত না হওয়ায় শূন্য পদে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ইপিক গার্মেন্টস মনোনীত সুনীল দৌলতরাম দারিয়ানানি। এছাড়া পরিচালক হিসেবে শেয়ারহোল্ডারদের শতভাগ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সুমাইয়া আহমেদ।
সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়। সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর)কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪১ টাকা ১ পয়সায়। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা।










