ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২০২৫ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ২২০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

অনুষ্ঠানে নবীনদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, একাডেমিক কাঠামো, আচরণবিধি ও বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। পাশাপাশি শিক্ষা কার্যক্রমে যুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গেও তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ নিজেদের বিষয়ভিত্তিকভাবে পৃথক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এসব আয়োজনে অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক ও কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপারসন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা। বক্তারা নবীনদের উদ্দেশে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির এ সময়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি তারা যেকোনো সংকটে দেশ ও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নবীনবরণ অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল ‘ডিপার্টমেন্ট অব স্টুডেন্ট ওয়েলফেয়ার’ এর উদ্যোগে আয়োজিত ক্লাব ফেয়ার। এতে বিশ্ববিদ্যালয়ের ২২টি শিক্ষার্থী পরিচালিত ক্লাব নিজেদের কার্যক্রম তুলে ধরে ও নবীনদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করে।

—বিজ্ঞপ্তি