বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যনিবাহী পরিষদের জরুরি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গত শুক্রবার বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির কার্যনিবাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয় সংক্ষেপ উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদ।
শিক্ষানুরাগী ড. মো. সবুর খান, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের প্রেসিডেন্ট (এইউএপি) এবং গ্লোবাল অন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্কের (জিইএন) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান। তিনি বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিয়ন অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরামের স্থায়ী কমিটির সদস্য ড. সবুর খান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি।
ইশতিয়াক আবেদিন, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সফল জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) সদস্য। এছাড়া তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সদস্য। —বিজ্ঞপ্তি










