পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসির পর্ষদ সভা ১৮ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।  

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত সুদ আয় হয়েছে ৩৩৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৯৯ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩৪ কোটি টাকা। 

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৫৬ পয়সায়।