দেশের পুঁজিবাজারে গতকাল পাঁচ কার্যদিবস পর সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে ৪৫ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭০০ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৬০৭ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২০১ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ আগের দিনের তুলনায় ৪৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯১ পয়েন্ট দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৪৮ পয়েন্ট।

গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের। 

ডিএসইতে গতকাল মোট ৭৭৯ কোটি টাকা লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৩৭ কোটি টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৪৫ শতাংশ। গতকাল ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৫১টির, কমেছে ২১০টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির বাজারদর। 

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ২৯ দশমিক ৬ শতাংশ নিয়ে শীর্ষে ছিল ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৭ শতাংশ লেনদেন ছিল টেলিযোগাযোগ খাতের। আর ১৪ দশমিক ১ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। এছাড়া খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১১ দশমিক ৯ ও প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের ৫ দশমিক ১ শতাংশ।

গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নে শীর্ষ ছিল ব্যাংক, খাদ্য ও টেলিযোগাযোগ খাত। এ তিন খাতে ইতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ৪ দশমিক ৬, ৩ দশমিক ৮ ও ২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল পাট, সেবা ও কাগজ খাত। এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ২ দশমিক ৩, ১ দশমিক ৮ ও ১ দশমিক ৫ শতাংশ। 

আরেক পুঁজিবাজার সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১১১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ হাজার ৭৫৪ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৭৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ হাজার ২০৩ পয়েন্ট। 

এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত ছিল ১২টির বাজারদর। গতকাল সিএসইতে ১৩ কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।