ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রথমবারের মতো গবেষণা দিবস উদযাপন করেছে। আজ শনিবার (২৪ মে) রাজধানীর আফতাবনগরের ক্যাম্পাসে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শেলী এ মু্বদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

দিবসজুড়ে নানা আয়োজনের মধ্যে ছিল দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা। প্রথম আলোচনার বিষয় ছিল ‘বাংলাদেশকে একটি উদ্ভাবনী জাতিতে রূপান্তরের জন্য গবেষণার গুরুত্ব’। এতে দেশের উন্নয়নে গবেষণার ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়। দ্বিতীয় আলোচনায় উঠে আসে ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি যৌথ গবেষণা: সুযোগ ও চ্যালেঞ্জ’ নিয়ে আলোচনা। এতে শিক্ষাক্ষেত্র ও শিল্প খাতের সহযোগিতা নিয়ে আলোচনা করেন গবেষক ও শিল্প বিশেষজ্ঞরা।

আলোচনায় অংশ নেন অধ্যাপক হাসিনা খান, অধ্যাপক ড. রাশিদুল হক, ড. এ. কে. এম. মাসুদ, হুমায়রা আজম, ফিরোজ মোহাম্মদ ও শিহাব আহমেদ।

দিবসের অন্যতম আকর্ষণ ছিল ‘থ্রি-মিনিট প্রেজেন্টেশন’ সেশন, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের চলমান গবেষণা সংক্ষেপে উপস্থাপন করেন।

দিনশেষে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক আজাদ খানকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ সম্মাননা দেয়া হয়। এছাড়া গবেষণায় বিশেষ অবদানের জন্য আরো ৭২ জন শিক্ষক ও শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। —বিজ্ঞপ্তি