তালিকাভুক্ত বহুজাতিক বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে আগামীকাল অনুষ্ঠিত হবে। কোম্পানিটির এজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর আগের ৩৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সব মিলিয়ে আলোচ্য হিসাব বছরে ৪৩৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বাটা সুর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ২৯ টাকা ৯৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৭ টাকা ৯৩ পয়সায়।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ৯৬ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫১ টাকা ৩৫ পয়সা।
১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাটা সুর অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩৩৩ কোটি ৫৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার। এর মধ্যে ৭০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯ দশমিক ৬৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ৩০ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৯ দশমিক শূন্য ৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার বাটা সুর শেয়ার সর্বশেষ ৯৪৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৯০১ টাকা থেকে ১ হাজার ২৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।










