রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেডের (ইআইআইএল) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ সেপ্টেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইআইআইএলের পরিচালনা পর্ষদের ৭৮তম সভায় এ নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইআইআইএলের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন, এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম উপস্থিত ছিলেন।