দেশের কৃষি খাতে উন্নয়ন ও কৃষকদের সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও কৃষি-প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্ল্যান্টেন অ্যাগ্রো লিমিটেড। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মোস্তাফিজুর রহমান ও প্ল্যান্টেন অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম আজম ফারুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির আওতায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও নতুন সমাধান নিয়ে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও প্ল্যান্টেন অ্যাগ্রো। এতে কৃষকের দক্ষতা ও ফসল উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। এ অংশীদারত্বে ইউসিবি ব্যাংকিং ও অর্থনৈতিক সহায়তা দেবে ও প্রযুক্তিগত দিকটি সামলাবে প্ল্যান্টেন অ্যাগ্রো।
প্রতিষ্ঠান দুটির দাবি, এই উদ্যোগের ফলে কৃষকেরা প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা পাবে, যা দেশের কৃষি খাত ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। —বিজ্ঞপ্তি










