অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এবং আন্তর্জাতিক সংস্থা ওয়াটার ডট ওআরজি দেশের গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর পানি ও স্যানিটেশন অবকাঠামো উন্নয়নে একত্রে কাজ করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এ অংশীদারত্ব বিএমডিএফের নগর অবকাঠামো খাত সংক্রান্ত দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ওয়াটার ডট ওআরজি’র বৈশ্বিক প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে পানি ও স্যানিটেশন খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়তা করবে।

এই উদ্যোগ দেশের প্রান্তিক পর্যায়ে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগের অন্যতম অনুঘটক হিসেবে কাজ করবে। এ সমঝোতা স্মারকের আওতায় ওয়াটার ডট ওআরজি, বিএমডিএফের প্রাতিষ্ঠানিক, আর্থিক ও অবকাঠামো সেবা প্রদানে সক্ষমতা অর্জন, অবকাঠামো বিনিয়োগ প্রকল্প অনুসন্ধান এবং বিএমডিএফ কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কারিগরি সহায়তা প্রদান করবে। এছাড়াও সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত প্রভাব বিবেচনায় রেখে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের উপায় মূল্যায়ন করতে ওয়াটার ডট ওআরজির আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিএমডিএফের কর্মকর্তারা যৌথভাবে পর্যালোচনা করবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমডিএফের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন। তিনি বলেন, ‘এ অংশীদারত্ব বাংলাদেশের শহরাঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিএমডিএফ এবং ওয়াটার ডট ওআরজি একসঙ্গে এ লক্ষ্য অর্জনে কাজ করবে।’

বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এ কে এম তারিকুল আলম বলেন, ‘এ অংশীদারত্ব পৌরসভাগুলোকে টেকসই পানি ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নে আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে, যা জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ওয়াটার ডট ওআরজি’র সাউথ এশিয়ার নির্বাহী পরিচালক সাজিদ অমিত বলেন, ‘ওয়াটার ডট ওআরজি, বিএমডিএফের সঙ্গে একযোগে কাজ করে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

এ উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৬ (পরিষ্কার পানি ও স্যানিটেশন), এসডিজি ১১ (টেকসই নগর) ও এসডিজি ১৩ (জলবায়ু কার্যক্রম) অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নগর জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, পৌর কর্তৃপক্ষ, এবং উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। এ অংশীদারত্ব ভবিষ্যতে পানি ও স্যানিটেশন (ওয়াশ) খাতে টেকসই নগর উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করবে।

ওয়াটার ডট ওআরজি একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা সাশ্রয়ী অর্থায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সেবা প্রদান করে। বিশ্বের ১৫টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ওয়াটার ডট ওআরজি, বাংলাদেশে স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইন্সপায়রা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের সহযোগিতায় সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে পানি ও স্যানিটেশন অবকাঠামো উন্নয়নে সহায়তা করছে।

বাংলাদেশে ওয়াটার ডট ওআরজি এখন পর্যন্ত ১ কোটি (১০ মিলিয়ন) এর বেশি মানুষকে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন সুবিধার আওতায় এনেছে। —বিজ্ঞপ্তি