দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সার্বিক সূচক কমেছে ১ দশমিক ২ শতাংশ। তবে এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন সামান্য বেড়েছে। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সূচকের নিম্নমুখিতায় লেনদেন শেষ হয়েছে। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৭৬১ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৮৩০ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ গতকাল ১৪ পয়েন্ট কমে ২ হাজার ৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ২১ পয়েন্ট। 

ডিএসইতে গতকাল ৪৬৯ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৬৭ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩১৫টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির বাজারদর। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল রেনাটা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বীকন ফার্মাসিউটিক্যালস ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল ওষুধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক ৯ শতাংশ দখলে ছিল বস্ত্র খাতের। ১১ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল সিরামিক খাত। গতকাল ডিএসইতে প্রায় সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে।