বাংলাদেশে উদ্ভাবনী ও বৃহৎ প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করতে যাচ্ছে আকিজ গ্রুপ (বাংলাদেশ) ও প্যান-চায়না গ্রুপ (চীন)। এ লক্ষ্যে সোমবার (২ জুন) ঢাকার বারিধারায় কূটনৈতিক অঞ্চলের একটি রেস্তোরাঁয় দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে আকিজ গ্রুপের পরিচালক শেখ আমিন উদ্দিন ও প্যান চায়না গ্রুপের জেনারেল ম্যানেজার ডেভিড লিউ জিয়ান ওয়েই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর তাদের যৌথ ব্যবসার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

এই অংশীদারত্ব যেকোনো মেগা প্রকল্পের জন্য পারস্পরিক সহযোগিতা ও বৃদ্ধির দিককে গুরুত্ব দিয়ে একটি কৌশলগত জোটের সূচনা করে।

অনুষ্ঠানে এফবিসিসিআই, বিডা, সিভিল এভিয়েশনসহ বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ ও চীনের ব্যবসায়ী নেতা, বিসিসিআই, বাংলাদেশ গ্রেগট ওয়াল ইঞ্জিনিয়ারিং, সিএলবি লিগ্যাল অ্যান্ড অ্যাকাউন্টিং, ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, বাংলাদেশ পিসফুল রিইউনিফিকেশন প্রমোশন অ্যাসোসিয়েশন, চায়না রেলওয়ে ২৪তম ব্যুরো গ্রুপ কনস্ট্রাকশন লিমিটেড, চায়না কনস্ট্রাকশন সিক্সথ ইঞ্জিনিয়ারিং ব্যুরো করপোরেশন লিমিটেডসহ আকিজ গ্রুপ ও প্যান চায়না গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকিজ-প্যান চায়না গ্রুপ বাংলাদেশে সরকার ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করে উদ্ভাবনী ও মেগা প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা করছে। যৌথভাবে তারা প্রকল্পের প্রোফাইল তৈরি ও বাস্তবায়নের উপযুক্ত অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

এই জোট এমন উদ্যোক্তা, করপোরেট প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সহযোগিতা চায় যারা বৃহৎ বা প্রভাবশালী প্রকল্প এবং আইকনিক কাঠামো বাস্তবায়নে আগ্রহী। অংশীদাররা ধারণা থেকে বাস্তবায়ন পর্যন্ত পূর্ণ সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। —বিজ্ঞপ্তি