তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে ব্যাংকটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রিমিয়ার ব্যাংকের সমন্বিত সুদ আয় হয়েছে ৬১৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪৭৯ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী সমন্বিত মুনাফা হয়েছে ৭৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭৩ কোটি টাকা। 

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত  আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫৯ পয়সা। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৮ পয়সায়। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৬৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৪৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ। আগের হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। 

এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক। ২০১৮ হিসাব বছরে ব্যাংকটি ১৫ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। এছাড়া ২০১৭ হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৮৯ কোটি ৪১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ১৩৩। এর মধ্যে ৩৪ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৬৫, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৬৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে।