রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর ড. ইসতিয়াক জামান যুদ্ধ বিগ্রহের পথ পরিহার করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন।
সোমবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে রোটারির বর্ষ শুরু উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। রোটারিয়ান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক গভর্নর শামসুল হুদা, মাহমুদুল হাসান, ডা. ওমর শরীফ, লুবনা আফরোজ প্রমুখ।
ড. জামান বলেন, রোটারি বিশ্ব শান্তির জন্য কাজ করে যাচ্ছে। রোটারিয়ানরা নিজের জীবন বিপন্ন করে যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া আর্তমানবতার সেবায় বাংলাদেশসহ সারা বিশ্বে রোটারি কাজ করে যাচ্ছে। ইসতিয়াক জামান সাংবাদিক সম্মেলনে রোটারি বাংলাদেশের ২০২৫-২৬ সালের বার্ষিক কর্মসূচি ঘোষণা করেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিল্প, বেকারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশন, পরিবেশ উন্নয়ন ইত্যাদি।










