বেসরকারি খাতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান পদে পরিবর্তন হয়েছে। নতুন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রোকসানা জামান চৌধুরী। তিনি রুখমিলা জামান চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। সম্প্রতি নতুন চেয়ারম্যান হিসেবে ওয়েবসাইটে রুখমিলার পরিবর্তে রোকসানা জামান চৌধুরীর নাম ও পরিচয় দেয়া হয়েছে।

সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের স্ত্রী। আর নতুন চেয়ারম্যান রোকসানা জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বোন। জাভেদ ও রোকসানার পিতা প্রয়াত রাজনীতিবিদ আক্তারুজ্জামান চৌধুরী বাবু ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রথম প্রজন্মের ব্যাংক ইউসিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

সাবেক ভূমিমন্ত্রী জাভেদ এবং তার স্ত্রী ইউসিবির সাবেক চেয়ারম্যান রুখমিলার ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বিএফআইইউএর নির্দেশনার মধ্যে ইউসিবির শীর্ষ পদে এ বদল এল। পর্ষদ সভায় কবে রোকসানাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে জানতে ফোন করা হলেও ধরেননি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান।

এর আগে এ ব্যাংকের কিছু বিক্ষুব্ধ কর্মকর্তা গত বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামানকে সরিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি তোলেন।