নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত আইসিসি মুট কোর্ট কম্পিটিশনে (আইসিসিএমসিসি) বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন ‘স্পিরিট অব দ্য কম্পিটিশন’ পুরস্কার অর্জন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
গত ১১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের চার সদস্যের মুট কোর্ট দল।
দলটির সদস্য ছিলেন সৈয়দ মাহিন, মাহবুবুর রহমান সোহাগ, সোনালী রাজবংশী ও দীপাণ্বিতা চাকমা। দলটির কোচের দায়িত্বে ছিলেন বিভাগের প্রভাষক সাল সাবিল চৌধুরী ও সহকারী কোচ ছিলেন মো. রাফি ইবনে মাসুদ।
প্রতিযোগিতায় ৪৫ দেশের ৮৮টি দল অংশ নেয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তরে গঠিত কোর্ট রুমে তারা আন্তর্জাতিক ফৌজদারি আইন, মানবাধিকার ও বিচার প্রক্রিয়ার বিষয়ে তর্ক-বিতর্কে অংশ নেয়।
প্রথমবারের মতো এ বছর আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন এ পুরস্কারের প্রবর্তন করে। এই অর্জন উপলক্ষে রোববার (২৯ জুন) সকালে রাজধানীর হোটেল লা ভিঞ্চির মোনালিসা হলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. দিদারুল ইসলাম ভূঁইয়া বলেন, এ অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, বাংলাদেশের আইন শিক্ষার ক্ষেত্রেও একটি ঐতিহাসিক সাফল্য। এটি ভবিষ্যতের আইন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
কোচ সাল সাবিল চৌধুরী বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম, দৃঢ়তা ও প্রতিশ্রুতি দিয়ে এই সাফল্য অর্জন করেছে।
স্কুল অব ল এর ডিন মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আইনের মতো জটিল বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরে বাংলাদেশকে গর্বিত করেছে। তিনি জানান, এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আরো উৎসাহিত করবে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন ও লেইডেন বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ ইউজিসির অনুমোদন পাওয়ার পর ২০২৪ সালের সামার সেমিস্টার থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে। বিভাগে ৪ বছর মেয়াদি এলএলবি (সম্মান) এবং ১ ও ২ বছর মেয়াদি এলএলএম প্রোগ্রাম চালু আছে। বর্তমানে এলএলবি প্রোগ্রামে ১১৯ জন এবং এলএলএম প্রোগ্রামে ৬৯ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
এ বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্থান অধিকার করা মেধাবী শিক্ষকরা পাঠদান করছেন। স্কুল অব ল এর ডিন হিসেবে আছেন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে আছেন মো. দিদারুল ইসলাম ভূঁইয়া। —বিজ্ঞপ্তি










