শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিকতায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।
বাসের চাবি হস্তান্তর উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানের হাতে বাসের চাবি তুলে দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া।
অনুষ্ঠানে উপাচার্য ড. মো. খালেদ উজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও কার্যকর পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ।’ পূবালী ব্যাংকের দেয়া বাসটি শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সম্প্রসারণে সহায়ক হবে বলেও জানান তিনি।
ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, ‘শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে অবদান রাখাকে পূবালী ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে।’ শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকটি ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মুহম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।









